কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালান।
বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দুই সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুইজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।
পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্ম্মদ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।’
অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নূর মোহাম্ম্মদ আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।