মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রাম উপজেলায় আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সুধীর দাস (৫০) অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার বৈধভাবে ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দখল নেয়। তিনি জানান, ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর ১৫৫৯ নং এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এস.এ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন। জমিটি স্থানীয় জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে আইনানুগ প্রক্রিয়ায় কেনা হয় বলেও দাবি করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা রাতের অন্ধকারে টিনসেড দিয়ে বাউন্ডারি নির্মাণ করে জমিটি ঘেরাও করে ফেলে। সকালে ঘুম থেকে উঠে নিজের জমি দখল হয়ে গেছে দেখে হতবাক হয়ে পড়েন সুধীর দাস ও তার পরিবারের সদস্যরা। পরে বিষয়টি অষ্টগ্রাম থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, সংশ্লিষ্ট জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি আদালত উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে এ ধরনের দখল কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্তদের একজন বিষয়টি আংশিক স্বীকার করে জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তারা নিজেদের প্রয়োজনেই তাদের দাবি করা জমিতে বাউন্ডারি দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
অষ্টগ্রাম থানার এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে এটি আদালতের নির্দেশ অমান্যের ঘটনা বলে মনে হচ্ছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে আইনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার দেব নাথ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে দেয়াল নির্মাণ অত্যন্ত দুঃখজনক। তিনি সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসীম বণিক বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশনা কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মন্তব্য করুন