মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অষ্টগ্রাম উপজেলার সাবেক বিএনপির আহবায়ক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দলের ভেতরে যত গ্রুপিং বা মতভেদই থাকুক না কেন, বিএনপির কোনো ত্যাগী ও প্রকৃত কর্মী কিংবা সমর্থকের পক্ষে নিজ দলীয় কার্যালয়ে হামলা বা ভাঙচুর চালানো কোনোভাবেই সম্ভব নয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, “নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে ফ্যাসিস্টদের দলে ভেড়ানোর পরিণতি এটা নয় তো? পূর্ব অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর—এই ন্যাক্কারজনক ঘটনার জবাব কে দেবে?”
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দলীয় কার্যালয় ভাঙচুরের দায় ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলমান সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি।”
ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দলের ঐক্য ও দেশের স্বার্থকে সামনে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সাবেক কেন্দ্রীয় ছাত্রদল কর্মী, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি এবং বর্তমানে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ : শুক্রবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম আখড়া বাজারে বিএনপির দু গ্রুফের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে পুলিশ, সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক লোকজন।
মন্তব্য করুন